
দেশের বাজারে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে নতুন এই দর নির্ধারণ করা হয়, যা সোমবার থেকে কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী:
ডিজেল: প্রতি লিটার ১৩৫ টাকা (পূর্বমূল্য: ১১৫ টাকা)
কেরোসিন: প্রতি লিটার ১৫৫ টাকা (পূর্বমূল্য: ১৩৫ টাকা)
পেট্রল: প্রতি লিটার ১৬০ টাকা (পূর্বমূল্য: ১৪০ টাকা)
অকটেন: প্রতি লিটার ১৬৫ টাকা (পূর্বমূল্য: ১৪৫ টাকা)
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ও জাহাজ ভাড়া (ফ্রেইট চার্জ) উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিশ্ববাজারে দাম দ্বিগুণেরও বেশি বাড়লেও সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে দেশে তা সম্পূর্ণ সমন্বয় করা হয়নি। ফলে চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ক্ষতি হয়েছে প্রায় ২২,৮৭৫ কোটি টাকা।
বিপিসির হিসেব অনুযায়ী, বর্তমান আন্তর্জাতিক বাজারদরের তুলনায় কেবল ডিজেলেই লিটারপ্রতি প্রায় ৮৯ টাকা লোকসান গুনতে হচ্ছিল, যার কারণে দৈনিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ১০৯ কোটি টাকা। এই হারে ডিজেল বিক্রিতে বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসানের আশঙ্কায় লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে বিপিসির বার্ষিক ক্ষতি অন্তত ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হবে।
এর আগে গত ১৯ এপ্রিল ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছিল। একই সময়ে কেরোসিন ১৮ টাকা, পেট্রল ১৯ টাকা এবং অকটেন ২০ টাকা বাড়ানো হয়। পরবর্তীতে জুনে কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম আরও ৫ টাকা করে বৃদ্ধি পেলেও জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তা অপরিবর্তিত ছিল।
জ্বালানি তেলের এই নতুন দর কার্যকরের ফলে গণপরিবহন, কৃষি উৎপাদন ও পণ্য পরিবহন খরচ বৃদ্ধি পাবে, যা সামগ্রিক নিত্যপণ্যের বাজারে চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভাঙাগড়া নিজস্ব প্রতিবেদক: 










