
আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। সৌদি আরব থেকে লোহিত সাগরের রুট দিয়ে অপরিশোধিত তেল রফতানি ও জাহাজ চলাচল স্বাভাবিক থাকার খবরে বিশ্ব তেল বাজারে এই স্বস্তি ফিরে এসেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল বা ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ব্যারেলপ্রতি ৮১ সেন্ট (০.৭৮ শতাংশ) হ্রাস পায়। ফলে বর্তমানে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের মূল্য দাঁড়িয়েছে ১০৩.০৬ মার্কিন ডলারে।
অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট (০.৮৯ শতাংশ) কমেছে। বর্তমানে বাজারে এই মানের অপরিশোধিত তেল প্রতি ব্যারেল ৯৯.৪১ ডলারে বিক্রি হচ্ছে।
এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার অংশ হিসেবে সৌদি আরবের রাজধানী রিয়াদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বড় ধরনের হামলা চালায় হুতি বিদ্রোহীরা। সশস্ত্র এই গোষ্ঠীটির মূল লক্ষ্য ছিল সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘আরামকো’-এর একটি বড় অবকাঠামো।
তবে সৌদি কর্তৃপক্ষের দাবি, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুতিদের ছোড়া সবকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে আকাশে ধ্বংস করে দিয়েছে। দেশটির তেলের অবকাঠামো সম্পূর্ণ সুরক্ষিত থাকা এবং বিশ্ববাজারে সরবরাহ ব্যবস্থা ব্যাহত না হওয়ার খবর সামনে আসতেই তেলের বাজারে এ দরপতন ঘটে।
সূত্র: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক | ভাঙাগড়া : 










