বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও চিকিৎসাসামগ্রীর ওপর ১০০ শতাংশ শুল্ক ছাড় (শূন্য শুল্ক) সুবিধা প্রদানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য বিভাগের আওতাধীন ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) এই সুবিধাপ্রাপ্ত দেশগুলোর তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।
নতুন এই ব্যবস্থার আওতায় বেশ কিছু জরুরি ও বিশেষায়িত ওষুধ এবং কাঁচামাল কোনো প্রকার অ্যাড ভ্যালোরেম শুল্ক ছাড়াই যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের সুযোগ পাবে। এর মধ্যে রয়েছে বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, প্লাজমা বা রক্তরসনির্ভর চিকিৎসা উপকরণ, বন্ধ্যত্বের ওষুধ, সেল ও জিন থেরাপি, অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেট এবং পশু চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধ ও তার প্রস্তুত প্রণালীর উপকরণ। এছাড়া রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় কিংবা পারমাণবিক ঝুঁকি সামলাতে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীও এই সুবিধার আওতাভুক্ত থাকবে।
ভারতের গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের সূত্রমতে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নীতির আলোকেই এই সুবিধাপ্রাপ্ত দেশগুলোর তালিকা চূড়ান্ত করা হয়েছে। যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বা নিরাপত্তা চুক্তি বিদ্যমান অথবা চুক্তি সম্পাদনের সম্ভাবনা রয়েছে কিংবা যাদের চিকিৎসাসামগ্রী যুক্তরাষ্ট্রের জরুরি স্বাস্থ্য খাতে অপরিহার্য, তাদেরকে এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ ছাড়া এই তালিকায় রয়েছে ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ইউরোপীয় ইউনিয়নসহ মোট ২০টি দেশ ও অঞ্চল।
তবে বিআইএস-এর নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে যে, নির্ধারিত বিশেষায়িত তালিকার বাইরে থাকা পেটেন্টযুক্ত অন্য ওষুধগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক বহাল থাকবে, যদি না সেগুলোর ক্ষেত্রে অন্য কোনো বিশেষ অব্যাহতি থাকে। অপরদিকে জেনেরিক ওষুধ এবং এর সংশ্লিষ্ট কাঁচামালসমূহকে সেকশন ২৩২-এর আওতায় আরোপিত এই শুল্ক কাঠামোর পুরোপুরি বাইরে রাখা হয়েছে।
প্রতিষ্ঠাতা: মরহুম ডঃ আবুল কালাম আযাদ,
সম্পাদক ও প্রকাশক: এস রহমান রাসেল
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ২১৯ ফকিরের ফুল, মতিঝিল, ঢাকা- ১০০০ ও
৩২/সি, রোড ০৩, সেক্টর ০৩, উত্তরা, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রচার ও প্রকাশিত।
বার্তা ও বাণিজ্যিক বিভাগঃ
☎ +88 01811 286288, ✉︎ E-mail: bhangagharabd@gmail.com,
Web: www.bhangaghara.com,
︎ Facebook/bhangagharabd,
︎ Youtube/@BhangaGara