বিশ্ববাজারের অস্থিরতা, তেলের মূল্য বৃদ্ধি, লাগামহীন মূল্যস্ফীতি এবং বিনিয়োগ খরা—এই তিন প্রধান সংকটে চাপে পড়েছে দেশের সামগ্রিক অর্থনীতি। এর প্রভাবে কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হওয়ার পাশাপাশি শ্লথ হয়ে পড়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর পৃথক পর্যালোচনায় বাংলাদেশের অর্থনীতির এমন সংকটের চিত্র উঠে এসেছে।
আইএমএফের পরিচালনা পর্ষদের সভায় জানানো হয়, সংকট মোকাবিলায় অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো, বাজার ও সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন এবং ভোক্তা চাহিদার মধ্যে ভারসাম্য আনা জরুরি। অন্যদিকে, প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে এডিবি জানিয়েছে, চলতি অর্থবছর শেষে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি কমে ৪ শতাংশে নামতে পারে, যা পূর্ববর্তী প্রাক্কলনে ছিল ৪.৫ শতাংশ।
সম্প্রতি সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং মধ্যমেয়াদি বাজেট কাঠামোর প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দেওয়া হয়।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব
আন্তর্জাতিক বাজারে পরিবহন ও জ্বালানি খরচ বৃদ্ধির অজুহাতে দেশে তেলের দাম লিটারপ্রতি সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে এর প্রভাব ইতিমধ্যে পড়েছে পরিবহন ভাড়ায়। অর্থনীতিবিদদের মতে, তেলের দাম বাড়লে প্রথম ধাক্কা আসে পরিবহন খাতে, যার জের ধরে উৎপাদন ও নিত্যপণ্যের সরবরাহ ব্যয় বাড়ে। শেষ পর্যন্ত এই বাড়তির পুরো বোঝা গিয়ে পড়ে সাধারণ ভোক্তার ঘাড়ে।
মূল্যস্ফীতি ও সুদের হারের দ্বিমুখী সংকট
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক উচ্চ সুদহার ধরে রাখার নীতি অব্যাহত রেখেছে। ব্যাংক খাতের দুর্বলতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগ পরিস্থিতি মন্দা রূপ নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতি সামলাতে গিয়ে ব্যাংকিং ঋণের সুদের হার বাড়িয়ে রাখায় ব্যবসার খরচ বাড়ছে। এতে উদ্যোক্তারা নতুন বিনিয়োগ স্থগিত করছেন। আবার বিনিয়োগ বাড়াতে সুদের হার কমালে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
বিনিয়োগ স্থবিরতা ও ব্যাংক খাতের ভঙ্গুরতা
এডিবির মূল্যায়নে দেখা যায়, বিনিয়োগ ঘুরে না দাঁড়ানো প্রবৃদ্ধি কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ। এ ছাড়া দুর্বল ব্যাংকিং ব্যবস্থার কারণে বেসরকারি খাতে কাঙ্ক্ষিত ঋণপ্রবাহ ব্যাহত হচ্ছে। আইএমএফ মনে করে, ব্যাংক খাতের প্রয়োজনীয় সংস্কার ও পুনর্গঠন ছাড়া অর্থনীতিতে টেকসই বিনিয়োগ ফেরানো সম্ভব নয়।
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, উচ্চ মূল্যস্ফীতির মধ্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। এটি শুধু পরিবহন নয়, বরং কৃষি ও শিল্প উৎপাদনের ব্যয় একযোগে বাড়িয়ে দেবে।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ উল্লেখ করেন, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত না হলে নতুন বিনিয়োগ আসবে না। পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় বাজারে পণ্যের চাহিদাও কমে যাচ্ছে, যা উদ্যোক্তাদের নতুন করে বিনিয়োগে নিরুৎসাহিত করছে।
প্রতিষ্ঠাতা: মরহুম ডঃ আবুল কালাম আযাদ,
সম্পাদক ও প্রকাশক: এস রহমান রাসেল
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ২১৯ ফকিরের ফুল, মতিঝিল, ঢাকা- ১০০০ ও
৩২/সি, রোড ০৩, সেক্টর ০৩, উত্তরা, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রচার ও প্রকাশিত।
বার্তা ও বাণিজ্যিক বিভাগঃ
☎ +88 01811 286288, ✉︎ E-mail: bhangagharabd@gmail.com,
Web: www.bhangaghara.com,
︎ Facebook/bhangagharabd,
︎ Youtube/@BhangaGara