প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের সরকারি জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে সর্বমোট ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল সই হয়েছে। একই সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ দুটি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করতে প্রায় ২৯৫.৫ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাপান সরকার।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর অনুষ্ঠিত এই সফরের অর্জন ও অগ্রগতি বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাত স্বাধীন। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে জানান তিনি।
স্বাক্ষরিত চুক্তিগুলোর আওতায় সামুদ্রিক অঞ্চল ও উপকূলীয় নিরাপত্তার সক্ষমেতা বাড়াতে বাংলাদেশকে বিশেষ টহল জাহাজ সরবরাহ করবে জাপান। এজন্য ২.১২ বিলিয়ন জাপানি ইয়েন বা আনুমানিক ১৩.৪৪ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার সমঝোতা হয়েছে।
বাণিজ্যিক পরিবেশ উন্নত করা এবং দুদেশের অর্থনৈতিক বন্ধন জোরদারে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) একটি সহযোগিতা স্মারক (এমওসি) স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে পারস্পরিক সহযোগিতার জন্য জাপানের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে দুটি পৃথক স্মারক সই করেছে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সফরকালে দুদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং অর্থনৈতিক উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।
দক্ষ মানবসম্পদ তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে ‘এমপ্লয়মেন্ট ফর স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (ইএসডিপি) বিষয়ক একটি সমঝোতা স্মারক সই করা হয়েছে। এর পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৌশলগত সহযোগিতা বাড়াতে দুদেশের পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে একটি আগ্রহপত্র (এলওআই) বিনিময় হয়।
উন্নয়ন প্রকল্প অর্থায়নের ক্ষেত্রে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন প্রকল্পে ১৫.৮৮ বিলিয়ন জাপানি ইয়েন (১০০.৮ মিলিয়ন ডলার) ঋণ দিচ্ছে জাপান। এছাড়া উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপের বাস্তবায়নে দেওয়া হচ্ছে ৩০.৬৮ বিলিয়ন জাপানি ইয়েন (১৯৪.৭ মিলিয়ন ডলার)। দুই খাত মিলিয়ে ঋণের মোট পরিমাণ দাঁড়ায় ৪৬.৫৬ বিলিয়ন জাপানি ইয়েন বা ২৯৫.৫ মিলিয়ন মার্কিন ডলার।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিনিধিদলে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান।
সফরকালীন সময়সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী নেতা এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন। এসব আলোচনায় বিনিয়োগ বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির অবাধ হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং যৌথ অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
প্রতিষ্ঠাতা: মরহুম ডঃ আবুল কালাম আযাদ,
সম্পাদক ও প্রকাশক: এস রহমান রাসেল
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ২১৯ ফকিরের ফুল, মতিঝিল, ঢাকা- ১০০০ ও
৩২/সি, রোড ০৩, সেক্টর ০৩, উত্তরা, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রচার ও প্রকাশিত।
বার্তা ও বাণিজ্যিক বিভাগঃ
☎ +88 01811 286288, ✉︎ E-mail: bhangagharabd@gmail.com,
Web: www.bhangaghara.com,
︎ Facebook/bhangagharabd,
︎ Youtube/@BhangaGara